দীর্ঘদিনের ময়লা-আবর্জনার ভোগান্তি নিরসন, নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছেন টঙ্গীর ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি। এলাকাভিত্তিক বর্জ্য অপসারণের জন্য ভ্যান সংযোজন এবং রেললাইনের পাশে আগাছা পরিষ্কার কর্মসূচি উপলক্ষে মতবিনিময় সভা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টায় টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডের জহির মার্কেট-কসাইবাড়ি এলাকার ফারিবা চৌধুরী লেমির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে রেললাইনের পাশে আগাছা পরিষ্কার ও মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। ফারিবা চৌধুরী লেমির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউদ্দিন শফি। এ সময় উপস্থিত ছিলেন জহির মার্কেটের বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ জহির উদ্দিন, ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বর্জ্য অপসারণ ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাবিব মোল্লা। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাকিল হোসেন। মতবিনিময় সভায় ফারিবা চৌধুরী লেমি ৪৮ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সংকট তুলে ধরে বলেন, ৪৮ নম্বর ওয়ার্ড একটি অবহেলিত ওয়ার্ড। বিশেষ করে কসাইবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে বাড়ি-বাড়ি বর্জ্য অপসারণ করা হয় না। ফলে বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা বাধ্য হয়ে যত্রতত্র ময়লা ফেলছেন। এতে এলাকায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিষয়টি চোখে পড়ার পর এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সাবেক কাউন্সিলর শফিউদ্দিন শফির সঙ্গে আলোচনা করা হয়। তারই ধারাবাহিকতায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বর্জ্য অপসারণসহ নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে। ফারিবা চৌধুরী লেমি আরও বলেন, নাগরিকদের নিয়মিত বর্জ্য অপসারণ সেবা পাওয়া তাদের ন্যায্য অধিকার। শুধু সমস্যা চিহ্নিত করলেই হবে না, সমাধানের জন্য মাঠপর্যায়ে কাজ করতে হবে। সেই লক্ষ্যেই এলাকাভিত্তিক বর্জ্য অপসারণের জন্য ভ্যান সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে রেললাইনের পাশে দীর্ঘদিনের আগাছা ও অপরিচ্ছন্নতা দূর করার কার্যক্রম শুরু করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সাবেক কাউন্সিলর শফিউদ্দিন শফি ফারিবা চৌধুরী লেমির উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, বর্জ্য অপসারণ সিটি করপোরেশনের নাগরিক সেবার অন্যতম দায়িত্ব। রাজনৈতিক ও সামাজিকভাবে সম্পৃক্ত ব্যক্তিদেরও এ কাজে এগিয়ে আসা প্রয়োজন। তিনি বলেন, আমি ৪৮ নম্বর ওয়ার্ডের তিনবার নির্বাচিত কাউন্সিলর ছিলাম। কিন্তু দুঃখের বিষয়, সিটি করপোরেশনের বিভিন্ন মেয়াদে নির্বাচিত মেয়ররা দীর্ঘসময় কাজ করার সুযোগ না পাওয়ায় অনেক উন্নয়নকাজ অসম্পন্ন থেকে গেছে। তবে চলমান উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে এসব সমস্যা ধীরে ধীরে সমাধান করা সম্ভব।