পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে মো. রাইহান কবির (২৭) নামের এক তরুণ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে পোরশা উপজেলার মুর্শিদপুর ইউনিয়নের দায়াহার শেখপাড়া (বারিন্দা) ফয়জিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাইহান কবির চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দামদিপুর (পোস্ট: দেওপুরা) গ্রামের সন্তান। তিনি ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, দুপুরে ৩-৪ জনের সাথে মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন শিক্ষক রাইহান। সাঁতার কাটার এক পর্যায়ে পুকুরের মাঝ বরাবর পৌঁছালে তিনি হঠাৎ পানির নিচে নিখোঁজ হন। বিষয়টি টের পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা দ্রুত পুকুরে নেমে উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর শিক্ষার্থীরা তাকে দ্রুত সরাইগাছির একটি ক্লিনিকে নিয়ে যান। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. নাসিমা সুলতানা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তরুণ এই শিক্ষকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে মাদ্রাসার শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।