ইব্রাহিম হোসেন হাকিমপুর উপজেলা প্রতিনিধি:
দিনাজপুর জেলা হাকিমপুর হিলিতে মিনি স্টেডিয়াম নির্মাণ, বৈগ্রাম থেকে পাইকপাড়া রাস্তা পাকাকরণ এবং এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।
আজ ২২ আগস্ট শুক্রবার জুমার নামাজ শেষে বৈগ্রাম কেন্দ্রীয় মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই প্রতিশ্রুতি ও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে ফেরদৌস রহমান বলেন, "এলাকার তরুণ সমাজের শারীরিক ও মানসিক বিকাশের জন্য হিলিতে একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণ করা অত্যন্ত জরুরি।
আমরা দায়িত্ব পেলে অগ্রাধিকার ভিত্তিতে এই স্টেডিয়াম নির্মাণ করব।" একই সাথে অবহেলিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুঃখ প্রকাশ করে তিনি বলেন,বৈগ্রাম থেকে পাইকপাড়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা ও চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে এই রাস্তাটি দ্রুত পাকাকরণ করা হবে।
এলাকার আইন-শৃঙ্খলা ও সামাজিক অবক্ষয় রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে উপজেলা বিএনপির সভাপতি বলেন, "মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, সমাজ থেকে মাদক, জুয়া এবং সব ধরনের অন্যায়-অবিচার দূর করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব, মাদক ব্যবসায়ী বা অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
উন্নয়নমূলক কর্মকাণ্ডে দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও মসজিদের বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন।