শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ-সাংবাদিক মতবিনিময়

মামুন মিঞা
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ০৬:৫৮ pm
ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ-সাংবাদিক মতবিনিময়

ফরিদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে জেলা পুলিশের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান ও ডিআইওয়ান মোশারফ হোসেন।

মতবিনিময় সভায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এ সময় পান্না বালা, আশরাফুজ্জামান দুলাল, জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, নাজিম বাকাউল, মুইজজুর রহমান রবি, বি কে শিকদার সজল, আবিদুর রহমান নিপু, আলিমুজ্জামান রনি, মনিরুল ইসলাম টিটু, শেখ সাইফুল ইসলাম অহিদ ও ইব্রাহিম হোসেন বক্তব্য দেন। এছাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ফরিদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকরা মাদক, ছিনতাই, চুরি, যানজট, কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা মোকাবিলায় জেলা পুলিশের আরও কার্যকর ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় ফরিদপুর শহরে রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান সাংবাদিকরা। পাশাপাশি সাধারণ মানুষ যাতে পুলিশি সেবা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তাদের লেখনীর মাধ্যমে তুলে ধরেন। সাংবাদিকদের এ ভূমিকার যথাযথ মূল্যায়নের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, আগামী মাস থেকে সবার সহযোগিতা নিয়ে ফরিদপুর শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ উদ্যোগ সফল করতে সাংবাদিকদের সহযোগিতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় ফরিদপুরের উন্নয়ন, জনদুর্ভোগ ও বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!