শাওন হোসেন, মাল্টিমিডিয়া রিপোর্টার:
কেরানীগঞ্জে বিভিন্ন হাসপাতাল ও ফার্মেসীতে অভিযান চালিয়ে তিন লাখ বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
অদ্য সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া ও কদমতলী এলাকার বিভিন্ন হাসপাতাল ও ফার্মেসীতে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মোকাদ্দেস, ঢাকা বিভাগীয় কার্যালয়ের ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. জাহিদুল ইসলাম এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ টিম।
অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনা ধরা পড়ে। এর মধ্যে অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন রাখা, চিকিৎসক ও নার্সের স্বল্পতা এবং অতিরিক্ত ফি আদায়ের অপরাধে ঝিলমিল হাসপাতালকে ২ লাখ টাকা এবং রেজিয়া তালেব হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী—
সূচনা ড্রাগ হাউজ (চুনকুটিয়া): ৩০ হাজার টাকা
এশিয়া মডেল ফার্মেসী: ২০ হাজার টাকা
লাজ ফার্মা (কদমতলী শাখা): ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যত্রতত্র গড়ে ওঠা এসব অবৈধ ও নামসর্বস্ব হাসপাতাল চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। জনস্বার্থে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।