নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানা পুলিশ। গতকাল ১৪ আগস্ট সকালে মহানগরের যোগীপোল ফুলবাড়ীগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ০৯:২০ ঘটিকায় ফুলবাড়ীগেট বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সিআর নং-২১১/০৯ (খুলনা সদর থানা) মামলার সাজাপ্রাপ্ত আসামি আবুল হাসনাত মোল্যা ওরফে হাসনাতকে (৪৫) গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তিনি স্থানীয় যোগীপোল এলাকার আনিসুল হক মোল্যার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ধৃত আসামি আবুল হাসনাত একটি মামলায় ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।খানজাহান আলী থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।