নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জোবায়ের রহমান (২৪) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার আখেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বগুড়া সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নিহত জোবায়ের রহমান নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলার উত্তরপাতাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, আখেড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জোবায়ের রহমান ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।