বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কচুয়ায় ওসি শূন্য থানার প্রভাব: চুরি-ডাকাতি, মাদকের তাণ্ডব ও তিন লাশ উদ্ধারে আতঙ্কিত জনপদ

মো: মুন্না শেখ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৮:৪৩ am
১৫
কচুয়ায় ওসি শূন্য থানার প্রভাব: চুরি-ডাকাতি, মাদকের তাণ্ডব ও তিন লাশ উদ্ধারে আতঙ্কিত জনপদ

বাগেরহাটের কচুয়া উপজেলায় দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদ শূন্য থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে। চুরি-ডাকাতির ঘটনা বৃদ্ধি, মাদকের অবাধ বিস্তার এবং সম্প্রতি একই পরিবারের তিন সদস্যের গলিত লাশ উদ্ধারের ঘটনায় পুরো উপজেলাজুড়ে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস ধরে কচুয়া থানায় স্থায়ী কোনো ওসি না থাকায় পুলিশি তদারকি ও নিয়মিত টহল কার্যক্রম আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছে। এর সুযোগে বিভিন্ন অপরাধী চক্র আরও সক্রিয় হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে প্রায়ই চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। সর্বশেষ গতকাল রাতে উপজেলার আন্ধারমানিক এলাকার অমল নামে এক বাসিন্দার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এমন ধারাবাহিক ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ।

এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তারও উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে। সন্ধ্যার পর বিভিন্ন হাট-বাজার ও গ্রামীণ এলাকায় প্রকাশ্যে ইয়াবা, গাঁজাসহ নানা ধরনের মাদক কেনাবেচা ও সেবনের ঘটনা ঘটছে। ফলে যুবসমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে সম্প্রতি রাড়িপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে। সেখানে একটি বন্ধ ঘর থেকে একই পরিবারের তিন সদস্যের অর্ধগলিত ও বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, নিয়মিত নজরদারি ও কার্যকর পুলিশি তৎপরতা থাকলে হয়তো ঘটনাটি আরও আগে শনাক্ত করা সম্ভব হতো।

স্থানীয় সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা মনে করছেন, প্রশাসনিক নেতৃত্বের অভাব এবং পর্যাপ্ত তদারকির ঘাটতির কারণে অপরাধীরা সুযোগ পাচ্ছে। তারা দ্রুত কচুয়া থানায় একজন দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল ওসি নিয়োগের দাবি জানিয়েছেন।

একই সঙ্গে মাদকবিরোধী অভিযান জোরদার, নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি, চুরি-ডাকাতি দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তিনজনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

নিরাপদ ও শান্তিপূর্ণ কচুয়া গড়ে তুলতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি এখন উপজেলার সর্বস্তরের মানুষের।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!