বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুমারখালীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০ অধিক

মোঃ লিটন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ pm
১২
কুমারখালীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০ অধিক
ছবি: কুকুরের কামড়ে আহত ব্যক্তি ও ভ্যাকসিন প্রদানকালে তোলা

কুষ্টিয়ার কুমারখালীতে একটি পাগলা কুকুরের কামড়ে নারী, বৃদ্ধ ও শিশুসহ ৩০ জনের বেশি আহত হয়েছেন। এ ঘটনায় আহত ২১ জনকে ইতোমধ্যে জলাতঙ্কের টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরটি কামড়ে পথচারী, চাকরিজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, নারী, বৃদ্ধ ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন ।

আহত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, কুকুরটি যে পথ দিয়ে গেছে, সেই পথে যাকেই পেয়েছে তাকেই কামড় দিয়েছে। এর আক্রমণ থেকে রেহাই পাননি বৃদ্ধ ও শিশুও। কুকুরের কামড়ের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

আহত ব্যক্তিরা দ্রুত চিকিৎসার জন্য কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে ক্ষতস্থান ক্ষারযুক্ত সাবান ও পানি দিয়ে পরিষ্কার করেন।

স্থানীয়রা জানান, পাগলা কুকুরটি যাকেই পেয়েছে তাকেই কামড়ে আহত করেছে। ইতোমধ্যে পাগলা কুকুরটির কামড়ে ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জলাতঙ্কের টিকা নিয়েছেন।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. প্রত্যয় বিশ্বাস জানান, ঘটনার প্রথম দিকে কুকুরের কামড়ে আহত ছয়জন ব্যক্তি হাসপাতালে এলে তাদের ক্ষতস্থান ভালোভাবে ধৌত করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বৃহস্পতিবার সকালে হাসপাতালে এসে জলাতঙ্কের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে আহত রোগীর সংখ্যা বাড়তে থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়। এ পর্যন্ত ২১ জনকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাভিদ সারওয়ার মুঠোফোনে জানান, কুকুরের কামড়ে আহত হওয়ার খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুকুরটিকে আটক করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!