উখিয়ায় মোহাম্মদ হানিফ (২১) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কক্সবাজার সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকবৈঠা বাজারসংলগ্ন নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত হানিফ ওই এলাকার আলী আহমদের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে হানিফকে তাঁর নিজ কক্ষে খাটের ওপর গলায় রশি লাগানো অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।