রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বীরগঞ্জে নতুন কেনা শ্যালো ইঞ্জিনচালিত ভ্যান উল্টে দুর্ঘটনা, নিহত বাবা আহত ছেলে

বীরগঞ্জে নতুন কেনা শ্যালো ইঞ্জিনচালিত ভ্যান উল্টে দুর্ঘটনা, নিহত বাবা আহত ছেলে
সংগৃহীত
Google পছন্দে যোগ করুন

দিনাজপুরের বীরগঞ্জে নতুন ক্রয় করা শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে গোলাম রব্বানী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং তাঁর ছেলে চালক সোহেল রানা (২৪) আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে উপজেলার নিজপাড়া ইউনিয়নের ২২ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী ও আহত সোহেল রানা উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা।

আহত সোহেল রানার বক্তব্য অনুযায়ী, তিনি আগে কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার টিলারের সঙ্গে সংযুক্ত ট্রলি চালাতেন। তবে আজই তিনি সেই কাজ ছেড়ে নতুন করে একটি শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার ভ্যান তৈরি করেন এবং ভাড়ায় মালামাল পরিবহন শুরু করেন।

দুর্ঘটনার দিন তিনি নিজপাড়া ইউনিয়নের নতুন হাট বাজার থেকে গাছের ডালপালা (খড়ি) ভ্যানে বোঝাই করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। পথে ২২ মাইল এলাকায় পৌঁছালে ভ্যানটির সামনের চাকা অস্বাভাবিকভাবে ওপরে উঠে যায় বলে তিনি অনুভব করেন। এ সময় ব্রেক চাপলে ভ্যানটি উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ছেলে ছিটকে বাইরে পড়ে যান এবং বাবা গাড়ির ইঞ্জিনের নিচে পড়ে যান। এ সময় শ্যালো ইঞ্জিনের গরম পানি পড়ে সোহেল রানা দগ্ধ হন। তাঁর হাতের কব্জি থেকে ওপরের অংশ পর্যন্ত দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে তিন চাকার অটোরিকশাযোগে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গোলাম রব্বানী কে মৃত ঘোষণা করেন এবং আহত সোহেল রানার চিকিৎসা অব্যাহত রাখেন।

নিহত ও আহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবার সূত্রে জানা যায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গোলাম রব্বানীর মরদেহ বাড়িতে নেওয়ার কার্যক্রম চলিতেছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Link Copied