ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশ তাদের পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে দাবি করেছে। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশের তথ্যমতে, পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গত ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন মল্লিকারটেক এলাকায় অভিযান চালান ডিবি (উত্তর)-এর এসআই শেখ মফিজুর রহমান ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। অভিযানে মোঃ এমরান মিয়া (৪০) ও মোঃ শরিফুল ইসলাম (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ এমরান মিয়া সাভার মডেল থানাধীন পুড়াবাড়ী পশ্চিমপাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তার মোঃ শরিফুল ইসলাম সাভারের বাড্ডা বাটপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
এদিকে একই দিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন জিরানী এলাকায় পৃথক অভিযান চালায় ঢাকা জেলা ডিবি (উত্তর)। ডিবির এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ সুমন আলী (৪৫) ও মোঃ ছানোয়ার হোসেন (২৪) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মোঃ সুমন আলী ধামরাই থানার গোলাইল এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তার মোঃ ছানোয়ার হোসেনের স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার বাসা সুন্দরপুর এলাকায়। তিনি বর্তমানে আশুলিয়া থানাধীন টেংগুরী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযানে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঢাকা জেলা পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মোঃ এমরান মিয়ার বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। পুলিশ তাকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে।
দুটি পৃথক অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে অভিযান আরও জোরদার করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।