মো:কোরবান আলী, মাল্টিমিডিয়া রিপোর্টার,উল্লাপাড়া, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর মাদকবিরোধী দিকনির্দেশনার মাত্র ছয় ঘণ্টার মধ্যে উল্লাপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় উল্লাপাড়া মডেল থানার সদ্য দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেজবাউল হক হাবিবকে ১১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই অভিযানে আব্দুস সালাম ও ওয়াজকুরুনীকে ৯ পিস ইয়াবা ও নগদ প্রায় ৫০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী সমাজ ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতায় এবং পুলিশের সক্রিয় ভূমিকার মাধ্যমে দ্রুতই উল্লাপাড়াকে মাদক কারবারিমুক্ত করা হবে। একই সঙ্গে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।