প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির নগদ ৫ হাজার টাকা এবং প্রায় ৭ দশমিক ৫ ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ রাজিব বেপারী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটে মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকার ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজিব বেপারী ওই এলাকার মৃত আবুল কাশেম বেপারীর ছেলে।মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদদীন জানান, অভিযানে রাজিব বেপারীর কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লিজ নেওয়া একটি ঘেরের ভেতর উঁচু ঢিবির ওপর লাগানো প্রায় ৭ দশমিক ৫ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদদীন।