কক্সবাজারের উখিয়ায় কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের ডাকা লকডাউন কর্মসূচির বিপরীতে ভোর থেকেই রাজপথে অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ ভোর ৬টা থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে।
এদিকে, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল থেকেই ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ সকাল থেকে উখিয়ার বিভিন্ন প্রধান সড়ক ও স্পর্শকাতর এলাকায় বিজিবি সদস্যদের টহল জোরদার করতে দেখা গেছে।
অন্যদিকে, এই লকডাউন কর্মসূচির প্রতিবাদে আজ বিকেল ৩টায় উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে এক গণমিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। কর্মসূচিকে ঘিরে পুরো উপজেলায় সতর্ক অবস্থা বিরাজ করলেও এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।









