বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

খুলনায় ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচার বন্ধে কেএমপির কঠোর নির্দেশনা

খুলনায় ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচার বন্ধে কেএমপির কঠোর নির্দেশনা
Google পছন্দে যোগ করুন

রিপোর্ট:

মোঃগোলাম কিবরিয়া খুলনা :

খুলনা মহানগরীতে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, প্রতারণা, অপপ্রচার ও জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে মহানগরবাসীর জন্য তিন দফা নির্দেশনা জারি করেছেন পুলিশ কমিশনার।

কেএমপি কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও চক্র সাংবাদিক পরিচয়, মানবাধিকারকর্মী পরিচয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাংবাদিকসহ বিভিন্ন পেশার ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে। পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে গুজব, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও রয়েছে।

এ পরিস্থিতিতে খুলনা মহানগরীর জননিরাপত্তা, নিরবচ্ছিন্ন শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে তিন দফা নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনার প্রথম দফায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোনো ব্যক্তি সাংবাদিক বা অন্য কোনো পেশার ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) কিংবা স্টিকার ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, অর্থ আদায় বা কোনো ধরনের চাপ সৃষ্টি করতে পারবেন না।

দ্বিতীয় দফায় জনউসকানি ও গুজব প্রতিরোধের কথা উল্লেখ করে বলা হয়েছে, রাষ্ট্র ও সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে—এমন সত্যতাবিহীন, উসকানিমূলক ও বিভ্রান্তিকর সংবাদ, ছবি, ভিডিও কিংবা বক্তব্য জনসমক্ষে বা কোনো মাধ্যমে প্রচার ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।

তৃতীয় দফায় জনসমাগমস্থলে বিশৃঙ্খলা প্রতিরোধে বলা হয়েছে, কোনো সরকারি-বেসরকারি দপ্তর, প্রেসক্লাব চত্বর কিংবা জনসমাগমস্থলে ভুয়া পরিচয়ে সমবেত হয়ে প্রতিবন্ধকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ৫৯ ও ৬০ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রচলিত দণ্ডবিধি, ১৮৬০-এর চাঁদাবাজি ও প্রতারণাসংক্রান্ত ধারা এবং সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে খুলনা মহানগরীতে ভুয়া পরিচয়ধারী, চাঁদাবাজ ও অপপ্রচারকারীদের সম্পর্কে তথ্য দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে কেএমপি। এ ধরনের কোনো ব্যক্তির সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা খুলনা মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Link Copied