আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ মোঃ আরফান আলী (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাঁর বিরুদ্ধে এর আগে পাঁচটি মাদক মামলা রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) মোঃ শাহাদাৎ হোসেনসহ ডিবি পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
অভিযানকালে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী মোঃ আরফান আলীকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন ১০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
গ্রেপ্তার মোঃ আরফান আলী ঢাকার ধামরাই থানাধীন কুমরাইল (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম কুরবান আলী এবং মাতার নাম রোকেয়া বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বে পাঁচটি মাদকসংক্রান্ত মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মাদকবিরোধী অভিযান জোরদার করার মাধ্যমে সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।









