মো: গোলাম কিবরিয়া
খুলনা:
দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক সাইফুল্লাহ তারেকের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা শাখা।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ ও প্রতিবাদী ভূমিকা রাখার কারণেই তাকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে। একজন পেশাদার সাংবাদিক যখন সমাজের ব্যাধি মাদকের বিরুদ্ধে কলম ধরেন, তখন তার কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা দেওয়া অত্যন্ত দুঃখজনক।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ফাউন্ডেশনের সভাপতি বলেন, "এভাবে একের পর এক সাংবাদিকের উপর মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতন চললে সাংবাদিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা চরমভাবে ব্যাহত হবে। সত্য প্রকাশের পথ রুদ্ধ হয়ে যাবে।"
তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। মাদকের মতো ভয়াবহ সামাজিক সমস্যার বিরুদ্ধে সাংবাদিকদের লেখনীকে উৎসাহিত না করে মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা কখনোই মেনে নেওয়া হবে না।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া সহকর্মী ও সাধারণ মানুষ বলেন, সাংবাদিক তারেকের পাশে জনতার এই উপস্থিতিই প্রমাণ করে সত্যের পক্ষে এখনো মানুষ আছে। মিথ্যা দিয়ে সত্যকে বেশিদিন আড়াল করা যায় না।
এ সময় বক্তারা সাংবাদিক সাইফুল্লাহ তারেকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার নিরপেক্ষ তদন্ত, দ্রুত মামলা প্রত্যাহার এবং সকল সাংবাদিকের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
তারা বলেন, পুলিশ ও সাংবাদিক মুখোমুখি নয়, পরস্পরের সহযোগী। কোনো অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়া উচিত।