শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুর ইসলাম গার্মেন্টসে ১৩০ শ্রমিক ছাঁটাই, উত্তেজনা; শিল্প পুলিশ মোতায়েন

মোঃ ফরিদ হোসেন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ pm
৪
গাজীপুর ইসলাম গার্মেন্টসে ১৩০ শ্রমিক ছাঁটাই, উত্তেজনা; শিল্প পুলিশ মোতায়েন

গাজীপুর প্রতিনিধি : মোঃ ফরিদ হোসেন

কাজের স্বল্পতার কারণ দেখিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিক ছাঁটাই, চাকরি হারানোর শঙ্কায় শতাধিক শ্রমিক

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ ও উত্তেজনা দেখা দিয়েছে। আকস্মিক এ সিদ্ধান্তে চাকরি হারানোর শঙ্কা ও অনিশ্চয়তায় পড়েছেন কারখানাটির প্রায় ১৩০ জন শ্রমিক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানার জরুন এলাকায় অবস্থিত ইসলাম গার্মেন্টস লিমিটেডের ওভেন শাখায় এ ঘটনা ঘটে।

কারখানা সূত্রে জানা যায়, বিকেল ৫টায় কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে। একই সঙ্গে কাজের স্বল্পতার কারণ দেখিয়ে ওভেন সেকশনের ১৩০ জন শ্রমিককে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ২৬ ধারা অনুযায়ী ছাঁটাই করা হয়েছে বলে জানানো হয়। ছাঁটাইকৃত শ্রমিকদের সেদিনই তাদের পাওনাদি গ্রহণের জন্যও নির্দেশ দেওয়া হয়।

হঠাৎ এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাঁটাইকৃত শ্রমিকরা। একপর্যায়ে তারা কারখানার প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে। কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর অন্যান্য শ্রমিকরা চলে গেলেও ছাঁটাই হওয়া ১৩০ জন শ্রমিক রাত পর্যন্ত কারখানার ভেতরে অবস্থান করছিলেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী ছাঁটাইকৃত শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধের আশ্বাস দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!