বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে পঞ্চগড়ে ২য় করতোয়া সেতু অনুমোদন

নিতিশ চন্দ্র বর্মন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ pm
২৪
২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে পঞ্চগড়ে ২য় করতোয়া সেতু অনুমোদন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার খবরে আনন্দ-উল্লাস করেছেন নদীর দুই পাড়ের বাসিন্দারা। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকল্পটি অনুমোদনের খবর পেয়ে আজ বুধবার বিকেলে স্থানীয়রা মিষ্টি বিতরণ করেছেন। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

সেতুটি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে সদর উপজেলার মীরগড় সড়কের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর সেতুটি নির্মাণ করা হবে। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।

সেতুটি নির্মাণ হলে নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের কাজে যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, করতোয়া নদীর ওপর বর্তমানে কাঠের সেতু দিয়ে দুই পাড়ের মানুষ ও যানবাহন চলাচল করে। সেতুটি দিয়ে নিয়মিত যাতায়াত করতে গিয়ে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। প্রতিদিন পারাপার হতে ১০ টাকা করে দিতে হয়। এছাড়াও কৃষকরা উৎপাদিত ফসল বাজারে নিতে এবং অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য উপজেলা ও জেলা সদরে নিতে সমস্যায় পড়েন। নতুন সেতুটি নির্মাণ হলে এসব ভোগান্তি অনেকটাই কমে যাবে।

সেতু নির্মাণের খবর পেয়ে বুধবার বিকেলে মীরগড় এলাকায় স্থানীয়রা একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করেন। এ সময় দুই পাড়ের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

স্থানীয় বাসিন্দা জয় বলেন, দীর্ঘদিন ধরে কাঠের সেতু দিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। বর্ষাকালে ও ভারী যানবাহন চলাচলের সময় বেশি সমস্যা হয়। নতুন সেতু নির্মাণের খবর আমাদের জন্য খুবই আনন্দের। সেতুটি হলে যাতায়াতের কষ্ট অনেকটাই কমে যাবে।

আরেক সুবিধাভোগী আসিম উদ্দিন বলেন, এই সেতু হলে কৃষিপণ্য সহজে বাজারে নেওয়া যাবে। পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের জন্য পঞ্চগড় শহরে যাতায়াতও সহজ হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় আমরা আনন্দিত।

পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী বলেন, মীরগড় এলাকায় দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে করতোয়া নদী পারাপারে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। একই সঙ্গে এ সড়কে যানবাহন চলাচল ও পণ্য পরিবহন আরও সহজ হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!