নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের একটি পুকুরে ‘জলপরি’ থাকার গুজব ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও ভিড়ের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গুজব ছড়ানো কনটেন্ট ক্রিয়েটরকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের তিনি জানান, গুজব ছড়ানোর সঙ্গে জড়িত কনটেন্ট ক্রিয়েটরকে শনাক্তের চেষ্টা চলছে। একাধিক ব্যক্তি জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান।
এদিকে ‘জলপরি’ দেখার গুজব ছড়িয়ে পড়ার পর পুকুরটির আশপাশে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, গুজবের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।