গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা ও “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫” এর ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তির ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানী আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব ইসরাইল হাওলাদার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
বাংলাদেশ পুলিশের সকল পদমর্যাদার সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ (A+) অর্জনকারী শিক্ষার্থীদের এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, “মেধাবী ও কৃতী সন্তানদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে।” পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) জনাব মোঃ জাহিদ হোসেন ভূঞা, পিপিএম (বার), (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, কৃতি শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকগণ।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং মেধাবী শিক্ষার্থীদের এ অর্জনকে উপস্থিত সবাই আন্তরিকভাবে অভিনন্দন জানান।