রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভুয়া ডিবি পরিচয়ে প্রতারক গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৩ pm
২৪৫
ভুয়া ডিবি পরিচয়ে প্রতারক গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগে মোঃ জামাল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনার সময় তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। অভিযানে এসআই (নিঃ) আরিফুল ইসলামসহ ডিবির সদস্যরা অংশ নেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২ অক্টোবর সকাল ৯টার দিকে আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ‘এসপি মাহাব্বুব ডিবি’ নাম ব্যবহার করে একটি চক্র বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে।

পুলিশ জানায়, তথ্যটি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কথিত অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, একই দিন দুপুর ১টা ২০ মিনিটের দিকে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় বাইপাইল-নবীনগর সড়কের বাইপাইল আরতের সংলগ্ন একটি সেতুর ওপর অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুলিশের একটি দল মোঃ জামালকে আটক করে। তিনি বগুড়া জেলার আদমদিঘী থানার ডালম্বা এলাকার মোঃ কায়ছার আলীর ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর থানাধীন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি পুরোনো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—একটি হালকা নীল ও কালো রঙের পুরোনো Symphony ATOM মডেলের মোবাইল ফোন। এতে দুটি মোবাইল নম্বর—০১৭৭৩৫৯৯৫৭২ ও ০১৮৪৭৭৩০৯১৫—ব্যবহৃত হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া একটি হালকা আকাশি রঙের পুরোনো itel A50 মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এতে ০১৭১৯৭৩৮৫৬২ নম্বরের একটি সিম সংযুক্ত ছিল বলে জানানো হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেছেন।

পুলিশের দেওয়া তথ্যে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ‘এসপি মাহাবুব ডিবি’ নাম ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করতেন। পাশাপাশি ‘এসপি মাহাবুব’ নামে একটি ফেসবুক আইডি/পেজ ব্যবহার করার অভিযোগও রয়েছে।

এ ছাড়া ‘আইকন’ অ্যাপসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদা দাবির অভিযোগের কথাও জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মোঃ জামালের বিরুদ্ধে এর আগে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা রয়েছে।

বর্তমান ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার ক্রাইম ও দণ্ডবিধির (Penal Code) সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলা রুজুর পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম বা মুঠোফোনে প্রতারণার ঘটনা সাম্প্রতিক সময়ে মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এ ধরনের ঘটনায় কোনো ব্যক্তি পুলিশ বা অন্য কোনো সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে টাকা বা চাঁদা দাবি করলে পরিচয় যাচাই না করে অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশের পরিচয়ে কেউ অনলাইনে ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানোর আহ্বান জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন কিংবা অর্থ আদায়ের অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!