চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা মূল্যের ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯ বিজিবি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালমারা বিওপির নায়েক সুশীল চাকমার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৭/১০-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামস্থ পশ্চিম পাড়ায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক সিজার মূল্য ৩ লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, সীমান্তে সকল প্রকার চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত মোবাইল ফোনগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানায় বিজিবি।