মো:কোরবান আলী,মাল্টিমিডিয়া রিপোর্টার,উল্লাপাড়া উপজেলা :
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছা. শিউলি আক্তার শিলা (৩৩) সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা করেছেন।
গত ২০ সেপ্টেম্বর দায়ের করা মামলার এজাহার ও বাদীর হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। শিউলি আক্তার বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাতী গ্রামের বাসিন্দা।
মামলার অভিযোগে বলা হয়েছে, শিউলি আক্তার তার স্বামীর সঙ্গে এক খালুর বাসায় ভাড়া থাকতেন। ওই সূত্রে প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। পরে মোবাইল ফোনে তাদের মধ্যে কথাবার্তা চলত। একপর্যায়ে শিউলির সঙ্গে তার স্বামীর পারিবারিক বিরোধের বিষয়টি জানতে পারেন হাফিজুর রহমান।
এজাহার অনুযায়ী, পরে ফোনে শিউলিকে তালগাছী বাসস্ট্যান্ডে আসতে বলেন তিনি। সেখানে যাওয়ার পর তাকে মোটরসাইকেলে এবং পরে একটি ভ্যানে করে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন বাদী।
মামলার অভিযোগে আরও বলা হয়, সেখানে একটি ঘরে শিউলিকে আটকে রেখে বিয়ের প্রলোভন দেখানো হয়। তিনি এতে রাজি না হওয়ায় তার দুই গালে সিগারেটের ছ্যাঁকা দিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বাদীর দাবি, পরদিন অভিযুক্ত ব্যক্তি চলে যাওয়ার পর তিনি পরিচিত একজনকে ফোন করে ঘটনাটি জানান। পরে ওই ব্যক্তি কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
‘চক্রান্ত চলছে’, দাবি অভিযুক্তের
তবে মামলায় আনা সব অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। তিনি বলেন, “আমার বিরুদ্ধে এটা একটি চক্রান্ত চলছে। আমি বিজয়ী হবো। এসব অভিযোগ মিথ্যা।”
মামলার অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।