সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ডিজে পার্টির আড়ালে মাদক বাণিজ্য: পূবাইলে অভিযানে গ্রেপ্তার ৪

মোঃ ফরিদ হোসেন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ pm
৯
ডিজে পার্টির আড়ালে মাদক বাণিজ্য: পূবাইলে অভিযানে গ্রেপ্তার ৪

মোঃ ফরিদ হোসেন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের পূবাইলে একটি রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আড়ালে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার রাতে পূবাইল এলাকার ‘পূবাইল রিসোর্ট ক্লাব’-এ পরিচালিত এ অভিযানে অনুষ্ঠান আয়োজনের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ‘সনিক প্লাস’ ব্যানারে আয়োজিত ওই ডিজে পার্টিতে প্রায় ৬০০ জন অংশগ্রহণ করার কথা ছিল, যাদের অধিকাংশই কিশোর-কিশোরী। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে মাদকদ্রব্য সরবরাহের পরিকল্পনা ছিল। এর পরিপ্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসআরবির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ মনিরুজ্জামান (২৯), তুষার আহমেদ (৩২), মহিদুল ইসলাম (২৮) ও কাসফিয়া নিশাত (২৫)। তাদের কাছ থেকে কোকেন, কুশ এবং বিভিন্ন ধরনের নেশাজাতীয় বড়ি উদ্ধার করা হয়েছে।

তদন্তকারী সূত্রের দাবি, গ্রেপ্তার চারজনই অনুষ্ঠানের আয়োজক ছিলেন এবং তারা অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের কাছে মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। শনিবার তাদের বিরুদ্ধে জিএমপি পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা বিভাগের উপপরিচালক মেহেদী হাসান বলেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা যাচ্ছে, কিছু বিনোদনমূলক পার্টি, ডিজে ইভেন্ট ও ব্যক্তিগত আয়োজনকে মাদক সরবরাহ ও সেবনের সুযোগ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এসব আয়োজনের প্রচার, অংশগ্রহণকারীদের সঙ্গে যোগাযোগ এবং মাদক সরবরাহের সম্ভাব্য নেটওয়ার্কের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে গাজীপুরের ভাওয়াল রিসোর্টে একটি ডিজে পার্টিতে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রাতভর অভিযানে ৯টি এক্সটেসি, ৫ গ্রাম কুশ, ১৬৫ গ্রাম ক্যানাবিস চকলেট, ১০১ ক্যান বিয়ার ও ৩ বোতল ভদকা জব্দ করা হয়েছিল। ওই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গোপন গ্রুপ তৈরি করে কিশোর-কিশোরীদের কাছে টিকিট বিক্রি করা হয়। এসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জনপ্রতি ৬ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত টিকিটের মূল্য নেওয়া হয়। অনুষ্ঠান শুরু হওয়ার পর নির্ধারিত মাদক সরবরাহকারীরা অংশগ্রহণকারীদের কাছে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে থাকে বলেও অভিযোগ রয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে, ঢাকা, গাজীপুর ও কক্সবাজারের বিভিন্ন রিসোর্টে প্রতি মাসেই এ ধরনের ডিজে পার্টির আয়োজন করা হয়। একাধিক চক্র এসব আয়োজনের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রিসোর্ট মালিকদের সতর্কবার্তা

ডিজে পার্টির আড়ালে মাদক বিক্রির অভিযোগে রিসোর্ট ভাড়া না দেওয়ার জন্য গাজীপুরের সব রিসোর্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গাজীপুরের উপপরিচালক এমদাদুল হক বলেন, এ ধরনের আয়োজনের জন্য কোনো রিসোর্ট ভাড়া না দিতে লিখিতভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!