চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ ১ জনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত ব্যক্তির নাম মোঃ রবিউল ইসলাম (৩৫)। তিনি শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবী গ্রামে অভিযান চালায়। এ সময় রবিউল ইসলামকে ৪টি ভারতীয় চোরাই মোবাইলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, সীমান্তে সকল প্রকার চোরাচালান ও মাদক রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং চোরাচালানবিরোধী এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।