ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
বুধবার (২৪ সেপ্টেম্বর ) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন উলাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন মোঃ জুবায়ের আহম্মেদ সবুজ (২৬)। তিনি সাভারের বাড়ইগ্রাম, পশ্চিম ব্যাংকটাউন এলাকার বাসিন্দা মোঃ ফজলুল হক এর ছেলে।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ডিবি উত্তর শাখার এসআই (নিঃ) শেখ মাসুদ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সাভারের উলাইল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জুবায়ের আহম্মেদ সবুজকে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ১০ গ্রাম। পুলিশের হিসাব অনুযায়ী, এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
পুলিশের ভাষ্য, গ্রেফতার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে আদালতে বিচারিক প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা প্রমাণিত হবে।
এ ঘটনায় গ্রেফতার জুবায়ের আহম্মেদ সবুজের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক পরিবহন, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।