ফরিদপুর শহরের গোয়ালচামটের হাজরাতলা এলাকায় অবৈধ দখলে থাকা পৌরসভার জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পৌরসভা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাজরাতলা এলাকার বাসিন্দা কবির চৌধুরীর দখলে থাকা পৌরসভার প্রায় শূন্য দশমিক ২৫ শতাংশ (পয়েন্ট ২৫ শতাংশ) জমি উদ্ধার করা হয়। এ সময় ওই জমিতে থাকা একটি ব্যবসা প্রতিষ্ঠান এসকেলেটর দিয়ে ভেঙে ফেলে জায়গাটি দখলমুক্ত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. হাই জকি, অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, পৌরসভার সমাজ উন্নয়ন বিষয়ক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল হাসান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) লাইজিং হোসেন রাজু, হিসাবরক্ষক কৃষ্ণ কুমার সাহা ও কনজারভেনসি পরিদর্শক বিকাশ দত্তসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
পৌর কর্তৃপক্ষ জানায়, পৌরসভার মালিকানাধীন জমি অবৈধ দখলমুক্ত করতে পর্যায়ক্রমে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পৌরসভার জমিতে অবৈধ দখল বা স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।