গাজীপুর প্রতিনিধি : মোঃফরিদ হোসেন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানা পুলিশ ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ৫৭ পুরিয়া গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই অভিযানে বিভিন্ন মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে।
এছাড়া মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চারজন মাদকসেবীকেও গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।