মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৫

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ pm
সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৫

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর শাখা। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

রোববার (২০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় সাভার থানাধীন বক্তারপুর ও আশুলিয়া থানাধীন নিরিবিলি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে সাভার থানাধীন বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবির একটি দল। এ সময় হিরাতুন ওরফে ইনাতুন (৪৭) নামে এক নারীকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হিরাতুন ওরফে ইনাতুন সাভারের পোড়াবাড়ী বেদেপল্লীর বাসিন্দা। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ৩০ পিস ইয়াবার ওজন প্রায় ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন রাত ৮টা ৫০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন নিরিবিলি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আরও চারজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মোঃ জাবেদ হোসেন (৪৫), মোঃ রবিন (৪১), মোঃ শামীম হোসেন ওরফে সুন্দরী শামীম (৩৬) এবং মোঃ ওবায়দুল রহমান (৪৪)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মোঃ শামীম হোসেন ওরফে সুন্দরী শামীমের বিরুদ্ধে মাদক সংক্রান্ত তিনটি এবং অন্যান্য একটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

এ ছাড়া মোঃ ওবায়দুল রহমানের বিরুদ্ধে একটি মাদক মামলা ও একটি দস্যুতা মামলাসহ মোট দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!