বরিশালের মেহেন্দিগঞ্জে মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশকে ডাকাত বলে চিৎকার করে স্বজনদের সহায়তায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আসামিপক্ষের হামলায় এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাতভর অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া মূল আসামি ও তার ১৫ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকসংক্রান্ত মামলায় অভিযুক্ত হাকিম তালুকদারকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। এ সময় ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিপক্ষের লোকজন পুলিশকে ডাকাত বলে চিৎকার করতে থাকে এবং স্বজনদের সহায়তায় গ্রেপ্তার হাকিম তালুকদারকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
এ সময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। এতে এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
রাতভর অভিযান চালিয়ে চরমহিষা গ্রামের মৃত আব্দুর রব তালুকদারের ছেলে হাকিম তালুকদার (৪৩) এবং তার ছোট ছেলে সাইফুল ইসলাম তালুকদার (১৫)-কে গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।