গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার তিনজন আসামিকে গ্রেফতার করেছে। পরে তাদেরকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে শাকিল খান (২৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আলী আহমদ ও লাকী বেগমের ছেলে। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ কেশবপুর এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিবাহের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি পুকুল ইসলাম ওরফে দিপু (৩১)কে গ্রেফতার করা হয়েছে। তিনি মৃত মোতালেপ ও মোছা. লাল ভানুর ছেলে এবং যশোর জেলার ঝিকরগাছা উপজেলার চান্দা গ্রামের বাসিন্দা।
অপরদিকে প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি হারুন অর রশিদ (৪৮)কে গ্রেফতার করা হয়েছে। তিনি মো. লাল মিয়া ও হামিনা বেগমের ছেলে। তার স্থায়ী ঠিকানা গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কুমেদপুর গ্রামে। বর্তমানে তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন পশ্চিম আরিচপুর এলাকায় বসবাস করতেন।
বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোর আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।