মোঃ মোশফিকুর রহমান স্বপন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগুয়া গ্রামে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ এবং আদালত থেকে জামিন পাওয়ার পর বাদী পক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে উপজেলার সাতগাঁও নতুনবাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন শাহাবুল মিয়া, বাবলু মিয়া, সাব্বির আহমদ, আহত সানজিদা বেগমের বাবা জমির আলী, মো. জহুর আলী, মো. মুজিবুর রহমান, আব্দুল কাদির, শাহ আলম, একরুম মিয়া ও আনসার আলীসহ স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বাগুয়া গ্রামের অভিযুক্তদের বসতবাড়িতে থাকা হাঁসের ফার্মে প্রবাসীর স্ত্রী সানজিদা বেগমের নয়টি পালিত হাঁস ঢুকে পড়ে। পরে সানজিদা হাঁসগুলো আনতে গেলে বিবাদীরা হাঁস দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সানজিদার ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন বক্তারা।
এ ঘটনায় সানজিদা বেগম গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা আট বছর বয়সী মেয়ে তাহমিদা আক্তারও আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সানজিদার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানো হয় বলে মানববন্ধনে জানানো হয়।
এ ঘটনায় সানজিদার বাবা জমির আলী বিশ্বম্ভরপুর থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগটি আদালতে প্রেরণ করে বলে মানববন্ধনে জানানো হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই আসামিপক্ষের লোকজন মামলা না করার জন্য বিভিন্ন সময়ে বাদী পক্ষকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। পরবর্তীতে মো. মেহেদী, মো. তামিম, পিতা শামীম মিয়া, স্বপ্না বেগম, স্বামী শামীম মিয়া এবং শামীম মিয়া, পিতা কাঁচা মিয়াসহ অভিযুক্তরা আদালত থেকে জামিন পাওয়ার পর প্রকাশ্যে বাদী পক্ষকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়।
মানববন্ধন থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বাদী ও তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।