কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে চালানো এই অভিযানে মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং একটি স্মার্টফোনও জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ এরফান (৩০)। তিনি কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত মোঃ আব্দুল ছামাদের ছেলে।
বিজিবি সূত্র জানায়, রোববার রাত আনুমানিক ১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) আওতাধীন রেজুখাল চেকপোস্টের একটি তল্লাশিদল মিনি বান্দরবান রোডে একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। এ সময় গাড়ির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে এরফানকে আটক এবং পাচারকাজে ব্যবহৃত গাড়ি ও মোবাইল ফোনটি জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম জানান, এই মাদক পাচারের ঘটনার সাথে আরও তিন আসামি জড়িত রয়েছেন। তারা হলেন— টেকনাফের সাবরাং এলাকার মোঃ কাদের (৪৫) ও মোঃ কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়া পালং এলাকার মোঃ মুনসুর (৫৫)। অভিযান টের পেয়ে এই তিন অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত ইয়াবাসহ অন্যান্য মালামাল ও আটককৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির এই ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।