শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৯

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ pm
২০৯
ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৯

ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত তেঁতুলঝোড়া, পোড়াবাড়ী বেদেপল্লী, বক্তারপুর ও নবীনগর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবির পৃথক টিম এসব অভিযান চালায়।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম অভিযানটি ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সাভার থানাধীন তেঁতুলঝোড়া এলাকায় পরিচালিত হয়। ডিবির এসআই শেখ মফিজুর রহমানের নেতৃত্বাধীন দল অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ১০ গ্রাম এবং পুলিশের হিসাবে এর মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাভারের তেঁতুলঝোড়া এলাকার সিয়াম (২০), হেমায়েতপুর এলাকার মাসুদ (২৭), সাভারের জোড়পুল এলাকার হাবিবুর রহমান ওরফে রাসেল (৩৭), গোপালগঞ্জের মুকসুদপুরের মহিন তালুকদার (৩০), ঢাকার দারুস সালাম এলাকার রবিন (২৪) এবং সাভারের জয়নাবাড়ী এলাকার সজিব খান (৩০)।

এরপর সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে সাভার মডেল থানার পোড়াবাড়ী বেদেপল্লী এলাকায় পৃথক অভিযান চালানো হয়। ডিবির এসআই মো. আঃ মুত্তালিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে ডারজিনা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার কাছ থেকে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৪ দশমিক ৮ গ্রাম এবং মূল্য প্রায় ১৪ হাজার ৪০০ টাকা।

একই দিন রাত সাড়ে ৭টার দিকে সাভারের বক্তারপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি। এসআই মোহাম্মদ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ওই অভিযানে মাজেদা খাতুন (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৫ গ্রাম এবং মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

পরে রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অভিযান চালানো হয়। একই কর্মকর্তার নেতৃত্বাধীন ডিবির দল রায়হান ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৬ গ্রাম এবং মূল্য প্রায় ১৮ হাজার টাকা।

সব মিলিয়ে ডিবির পৃথক চারটি অভিযানে ২৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে হাবিবুর রহমান ওরফে রাসেলের বিরুদ্ধে একটি চুরি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!