প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন
বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার সীমান্তবর্তী ভাসানচর ইউনিয়নের গাজীরহাট বাজার সংলগ্ন এলাকায় কৃষক কবির বেপারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কদমতলা ব্রিজ সংলগ্ন কাজিরহাট থানা সীমান্তবর্তী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পাঁচ দিন অতিবাহিত হলেও ঘটনায় জড়িত মূল আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, কবির বেপারীকে মোবাইল ফোনে ডেকে বাড়ি থেকে নিয়ে যান হাবিল হাওলাদার। পরে তাকে হত্যার ঘটনায় সেলিম বেপারী, জাকির বেপারী, আনোয়ার বেপারী, জামাল বেপারী, ড্রেজার মিজান হাওলাদারসহ আরও কয়েকজন জড়িত বলে অভিযোগ করা হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কদমতলা ব্রিজ থেকে শুরু হয়ে গাজীরহাট বাজার প্রদক্ষিণ করে পুনরায় কদমতলা ব্রিজ সংলগ্ন কাজিরহাট থানা সীমান্তবর্তী এলাকায় গিয়ে শেষ হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ইউসুফ বেপারী, ফোরকান মাঝি, কলম সরদার, আনিচ বেপারী, হারুন শিকদার, নুরুল ইসলাম, বিষাই খান, মোখলেছুর রহমানসহ অনেকে।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।