বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ইয়াবা ব্যবসায়ী দুই জুলাই যোদ্ধা গ্রেফতার

রিমল তালুকদার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ pm
১৩
ইয়াবা ব্যবসায়ী দুই জুলাই যোদ্ধা গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে ‘জুলাই যোদ্ধা’ ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মাদক কারবারের অভিযোগে ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (১৬ সেপ্টেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য মাহমুদুল হাসান (৩৪)। পুলিশ জানিয়েছে, তারা দুজনই ‘জুলাই যোদ্ধা’ এবং উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির সঙ্গে সম্পৃক্ত।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ডের একটি হোটেলসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হাছান আলী ও মাহমুদুল হাসানকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেলসংলগ্ন এলাকা থেকে দুইজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, গাবসারা থেকে ইয়াবা নিয়ে এলেঙ্গায় বিক্রির জন্য ক্রেতার অপেক্ষা করছিলেন। বুধবার আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ‘জুলাই যোদ্ধা’ ও রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে গ্রেপ্তার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও জুয়ার কারবারের সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন সময় ওই পরিচয়ের প্রভাব খাটিয়ে প্রশাসনের ওপর চাপ সৃষ্টিরও চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!