বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেপ্তার ৫, ট্রান্সফরমার চুরির সিন্ডিকেট ফাঁস

মোঃ আলমগীর হোসাইন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ am
১২
স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেপ্তার ৫, ট্রান্সফরমার চুরির সিন্ডিকেট ফাঁস
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়। ছবি: জেএ টিভি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার পাঁচজন হলেন—উপজেলার বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী এলাকার অবিনূর, সেলিম, সুমন ও সুমন ওরফে নুরু মিয়া। অপর আসামি রাসেল মিয়া গাবেরগ্রাম এলাকার বাসিন্দা এবং মাদারগঞ্জ পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই মাসে মাদারগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ২৬টিরও বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে সাধারণ গ্রাহক ও কৃষকেরা চরম ভোগান্তিতে পড়েন। এসব ঘটনায় মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্তে নামে এবং চক্রটিকে শনাক্ত করে।

মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জানান, কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠন বহন করবে না। তদন্তে অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে চুরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে আসামিদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!