মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ডিবির অভিযানে হেরোইন-ইয়াবাসহ ৮ গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ pm
ডিবির অভিযানে হেরোইন-ইয়াবাসহ ৮ গ্রেপ্তার

ঢাকার সাভার, ধামরাই ও আশুলিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইন ও ২২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক দলগুলো অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে ধামরাই থানার গোয়ালদী এলাকায় অভিযান চালায় ডিবি। দুপুর ১টা ২০ মিনিটের দিকে এসআই মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ মোস্তফা ওরফে মস্তু (৪৭) ও মোঃ দেলোয়ার হোসেন (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এরপর বিকেল ৪টা ১০ মিনিটে আশুলিয়া থানার চানগাঁও এলাকায় অভিযান চালানো হয়। এসআই আব্দুল মুত্তালিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ কবির হোসেন (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৮ গ্রাম এবং আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।

বিকেল ৫টা ৪০ মিনিটে সাভার থানার পোড়াবাড়ী-কাঞ্চনপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবি। এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানে মোঃ সুলতান মিয়া (২৪) ও মোঃ মিজারুল ইসলাম (৪২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

একই দিন রাতে সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। রাত ৯টা ২০ মিনিটে এসআই মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সেতু বেগম (২৬) ও সোহাগী (২৩) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

সবশেষে রাত ১০টা ৫০ মিনিটে সাভার থানার জোড়পুল-তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এসআই মোঃ রাশেদ মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মোহাম্মদ আলী (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৪ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ হাজার ৬০০ টাকা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক এসব অভিযানে মোট ৭ গ্রাম হেরোইন ও ২২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মোট মূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা।

ঢাকা জেলা ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার মোঃ মোস্তফা ওরফে মস্তু এবং মোঃ কবির হোসেনের বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি করে মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!