চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৪১ পিস ভারতীয় ইয়াবা, ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ, দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ এক চোরাকারবারিকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় তারা ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করে।
এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে বাখেরআলী বিওপির অপর একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪১ পিস ভারতীয় ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ মোঃ হুমায়ুন (২৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক হুমায়ুন চাঁপাইনবাবগঞ্জ সদরের কালিনগর গ্রামের মৃত এমরানের ছেলে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবা, চকোপ্লাস সিরাপ, মোবাইল ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৬১ হাজার ১০০ টাকা। আটক আসামি ও মালামালসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দ্রব্যাদি সংশ্লিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসেই ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ বিপুল পরিমাণ মাদক (১৮৮ বোতল এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল চকোপ্লাস সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ) জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ পুশ ইন ও মাদক সহ যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা কঠোর নজরদারির পাশাপাশি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।