চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে চার বোতল বিদেশী মদ এবং ৩১ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করে বিজিবির বিশেষ টহল দল।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬:১০ ঘটিকায় ৫৯ বিজিবি’র সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ১১:২০ ঘটিকায় (২৩:২০ ঘটিকা) তেলকুপি বিওপির অপর একটি টহল দল সীমান্ত পিলার ১৭৯/৬-এস থেকে প্রায় ৩০ গজ ভেতরে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের আমবাগানে অভিযান পরিচালনা করে। এ অভিযানে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় ৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ‘Eskuf’ এবং ২৪ বোতল ‘Fairdyl’ সিরাপ জব্দ করে। উভয় অভিযানেই চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, "মাদকের ভয়াবহতা থেকে দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সব ধরণের চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"