শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বেলকাপুর পিকনিক স্পটের পাশে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ: স্থানীয়দের ক্ষোভ, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ am
৩২
বেলকাপুর পিকনিক স্পটের পাশে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ: স্থানীয়দের ক্ষোভ, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি
বেলকাপুর পিকনিক স্পটের পাশে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ: স্থানীয়দের ক্ষোভ, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি

বেলকাপুর পিকনিক স্পটের পাশে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ: স্থানীয়দের ক্ষোভ, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি

​নওগাঁ নিয়ামতপুর উপজেলা প্রতিনিধ মোঃ নাহিদুল ইসলাম

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ঐতিহ্যবাহী বেলকাপুর পিকনিক স্পট সংলগ্ন মূল্যবান সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে স্থায়ী ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি জমি দখলের এই ঘটনায় স্থানীয় সর্বস্তরের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বেলকাপুর পিকনিক স্পট এলাকাটি উপজেলার একটি অন্যতম পরিচিত ও জনপ্রিয় বিনোদন কেন্দ্র। প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। তবে দীর্ঘদিন ধরে একটি অসাধু দখলদার চক্র এই বিনোদন কেন্দ্রের পার্শ্ববর্তী সরকারি নিচু জমি ও খাস জমি ভরাট করে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি অসাধু চক্রটি ওই খাস জমিতে রাতারাতি পাকা ও আধাপাকা ঘরবাড়ি নির্মাণ কাজ শুরু করেছে।

​এলাকাবাসীর অভিযোগ, সরকারি সম্পত্তি রক্ষা না করে উল্টো তা দখলের মহোৎসব চলায় বিনোদন কেন্দ্রটির সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি সরকারি সম্পত্তি হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও প্রত্যক্ষদর্শীরা জানান, বারবার নিষেধ করা সত্ত্বেও দখলদাররা কোনো তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে কাজ চালিয়ে যাচ্ছে।

​স্থানীয় একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "বেলকাপুর পিকনিক স্পট আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী জায়গা। কিন্তু সরকারি খাস জমি এভাবে ব্যক্তি স্বার্থে দখল হয়ে গেলে স্পটের সৌন্দর্য ও পরিবেশ চরমভাবে ব্যাহত হবে। আমরা অবিলম্বে এই অবৈধ দখলদারিত্ব বন্ধ এবং নির্মিত স্থাপনা উচ্ছেদের দাবি জানাচ্ছি।"

​এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা দ্রুত সরেজমিনে তদন্তপূর্বক দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারি সম্পত্তি উদ্ধার করতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)-সহ ঊর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!