পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মোঃ রতন (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও পাঁচজন পালিয়ে যায়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের নলভাঙ্গা গ্রামে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলভাঙ্গা গ্রামে সিহাব ফকিরের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে রতনকে আটক করা হয়। অপর ব্যক্তি আল মামুন পালিয়ে যায়।
পরে রতনের হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা এবং তার পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ফেলে যাওয়া আল মামুনের পালসার মোটরসাইকেলে ঝোলানো একটি ব্যাগ থেকে আরও ২ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় দুটি মোবাইল ফোন ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক রতনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে সিলন্দা বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাটখড়ির আঁটির মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে আরও ১ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় আটক রতনসহ পলাতক আল মামুন, রেজা প্রাং, হাফিজুল প্রাং, মহিদুল প্রাং ও নাঈমুল প্রাংয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঁথিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।