মাল্টিমিডিয়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে ১০০ পিস ইয়াবাসহ শাহীন (২৫) নামে এক পাখি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাহীন উপজেলার আড়িয়া ইউনিয়নের বি-ব্লক এলাকার রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের মোখছেদুর রহমানের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহীন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ঘাষিড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত শাহীনকে আটক করে দেহ তল্লাশি করা হলে তার পরনের প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, শাহীন দীর্ঘদিন ধরে তার বাবার সঙ্গে বি-ব্লক বাজারে পাখির ব্যবসা করে আসছেন। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এমন তথ্য তার জানা ছিল না।
বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক ইকবাল বাহার জানান, ইয়াবাসহ গ্রেপ্তার শাহীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে জেলা ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।