মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ বৌমাকে দেখতে গিয়ে এক বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
চুরি হওয়া চেইনটির ওজন আনুমানিক আট আনা। স্থানীয় স্বর্ণকারের ধারণা, এর বাজারমূল্য প্রায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা হতে পারে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে।
ভুক্তভোগী নয়তন নেছা (৮০) মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের মৃত আব্দুল জলিল শেখের স্ত্রী। ভুক্তভোগী নয়তন নেছা জানান, তিনি হাসপাতালে বসে ছিলেন। এ সময় একটি ছেলে এসে তাকে এগিয়ে দেওয়ার কথা বলে হাত ধরে লম্বা সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল। একটি সিঁড়ি পার হওয়ার পর ওই যুবক তার গলা থেকে স্বর্ণের চেইনটি ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি চিৎকার করলেও আশপাশের কেউ শুনতে পাননি। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা হাসপাতালে এসে অনেক খোঁজাখুঁজি করেও ওই ব্যক্তিকে পাননি। নয়তন নেছার সেজো ছেলে রেজাউল হক জানান, খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু কাউকে পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৫ আগস্ট) হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চাচাতো বোন শাবানার সহায়তায় সন্দেহভাজন দুজনকে শনাক্ত করার চেষ্টা করা হয়। ফুটেজে চুল পাকা ও লুঙ্গি পরা মধ্যবয়সী দুই ব্যক্তিকে দেখা গেলেও তাদের মুখ স্পষ্ট না হওয়ায় নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় মুজিবনগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে মুজিবনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, তিনি প্রশিক্ষণে থাকাকালে বিষয়টি আরএমওর মাধ্যমে জানতে পারেন। পরে তাৎক্ষণিকভাবে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। শনাক্তকারীদের সঙ্গে নিয়ে ফুটেজ দেখে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা করা হয়েছে।
বিষয়টি নিয়ে মুজিবনগর থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আরও সতর্ক থাকবে বলেও জানান তিনি।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি উত্তম কুমার দাস জানান উক্ত ঘটনার বিষয়ে মুজিবনগর থানায় একটি লিখিত অভিযোগ এসেছে আমরা পর্যবেক্ষণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।