সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত স্লিপার কোচের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি পরিবহনকে মোট ২ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট ২০২৬) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে বেঙ্গল পরিবহন, সেন্টমার্টিন সৌহার্দ, শ্যামলী ও ইউরোকোচের বিরুদ্ধে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল—গাড়ির ফিটনেস সনদ না থাকা, ট্যাক্স টোকেন না থাকা, রুট পারমিট ছাড়া চলাচল এবং অনুমোদিত চেয়ার কোচকে অবৈধভাবে স্লিপার কোচে রূপান্তর করা।
এসব অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় চারটি পরিবহনকে সর্বমোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সুনামগঞ্জ এবং র্যাব সার্বিক সহযোগিতা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানান, যাত্রী নিরাপত্তা ও জনস্বার্থে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।