ঢাকার আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন ও আগ্নেয়াস্ত্রের গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে গত ২২ আগস্ট রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে রাত ৭টা ৪৫ মিনিটে আশুলিয়া থানাধীন বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ দিলদার মিয়া (৩৫) ও মোঃ সুমন তালুকদার (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৫০০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
পুলিশ জানায়, দিলদার মিয়া কক্সবাজারের টেকনাফ থানার জালিয়াপাড়া এলাকার এবং সুমন তালুকদার মাদারীপুরের রাজৈর থানার মাঝ নাগরদী এলাকার বাসিন্দা।
এরপর রাত ১০টা ১০ মিনিটে ধামরাই থানাধীন বালিথা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোঃ মাসুম মিয়া ওরফে মাজু (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ৫ গ্রাম এবং মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, রাত ১১টা ৪০ মিনিটে আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অভিযান চালিয়ে জান্নাত হোসেন সোহাগ (২৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি এবং ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক ওজন ৫ গ্রাম এবং মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দিলদার মিয়ার বিরুদ্ধে দুটি মাদক মামলা, সুমন তালুকদারের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং জান্নাত হোসেন সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।