বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের উত্তর ভান্ডারখোলা গ্রামে গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২৩ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার ৬ নম্বর রাড়িপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন উত্তর ভান্ডারখোলা গ্রামের বাসিন্দা বেদার মল্লিক (৬৫)। আহতদের মধ্যে রয়েছেন তার স্ত্রী হালিমা বেগম (৫৮), ছেলে কাইয়ুম মল্লিক (২৬) এবং পুত্রবধূ সুমি (২১)।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, প্রতিবেশী কাউসারের স্ত্রী রেহানার গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একই এলাকার হায়দার মল্লিকের নাতি রমজান (২৩), আব্দুল্লাহ (১৫), তাদের পিতা ইয়াকুব (৫৫), মাতা ফাতেমা (৪৫) এবং রমজানের স্ত্রী লামিয়া (১৯) লাঠি ও দরজার কাঠের অংশ দিয়ে বেদার মল্লিক ও তার পরিবারের সদস্যদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় গুরুতর আহত হন বেদার মল্লিক। তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত কাইয়ুম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হালিমা বেগম ও সুমি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
ঘটনার পর কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে রমজান, লামিয়া ও ফাতেমাকে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।