রবিবার, ২৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সালথায় ছাত্রদল নেতার নেতৃত্বে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

মামুন মিঞা
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৬:২২ pm
সালথায় ছাত্রদল নেতার নেতৃত্বে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

ফরিদপুরের সালথায় উপজেলা ছাত্রদলের এক নেতার নেতৃত্বে ১০ থেকে ১২টি বসতঘর ও একটি মুদি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের জুগিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, সালথা উপজেলা ছাত্রদলের সহসভাপতি রাজিব হোসেনের নেতৃত্বে মুরাটিয়া, সজনকান্দা ও জুগিকান্দা গ্রামের একদল লোক সংঘবদ্ধ হয়ে হামলা চালান। এ সময় কয়েকটি বসতঘরের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। একটি মুদি দোকান থেকে নগদ টাকা ও বিভিন্ন সামগ্রী লুট করে নেওয়ারও অভিযোগ রয়েছে।

ক্ষতিগ্রস্ত জুগিকান্দা গ্রামের বাসিন্দা ধলেনা বেগম বলেন, “ঘরের ভেতরে যা কিছু ছিল, সব ভেঙে চুরমার করে দিয়েছে। খাটের নিচে লুকিয়ে থাকা আমার মেয়েকেও টেনে বের করে আনা হয়। স্বামী দীর্ঘদিন ধরে গ্রামছাড়া। এখন রাতে থাকার মতোও কোনো ব্যবস্থা নেই।”

আরেক ভুক্তভোগী রওসান মাতুব্বরের স্ত্রী সোখিনা অভিযোগ করেন, আগের বিরোধের জেরে তাঁর স্বামীকে গালিগালাজ ও বাজারে গেলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় হামলার সময় তাঁদের বাড়িঘরে ভাঙচুর করা হয়।

ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, বশির মাতুব্বরের দুটি, বাবলু মাতুব্বরের একটি, আবুল খায়েরের একটি, ইদ্রিস মাতুব্বরের একটি, মিজান মাতুব্বরের একটি, আজিজুল মাতুব্বরের একটি, রওসান মাতুব্বরের একটি, তুরাপ মাতুব্বরের একটি এবং মামুন মাতুব্বরের একটি ঘরসহ খড়ের গাদা ভাঙচুর করা হয়েছে।

হামলায় উপজেলা ছাত্রদলের সহসভাপতি রাজিব হোসেনের পাশাপাশি সাবেক স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি হিমায়েত হোসেন, জাহিদ, রফিক ও ইবাদতসহ আরও কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের সহসভাপতি রাজিব হোসেন বলেন, তাঁদের এক ব্যক্তি খেলা দেখতে যাওয়ার পথে জাহিদ নামে একজনের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। পরে জাহিদ খবর দিলে গ্রামের কিছু লোক এসে ভাঙচুর চালায়। ওই দলে তিনি উপস্থিত ছিলেন বলেও স্বীকার করেন রাজিব।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান বলেন, এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!